মো. মাসুদ রানা, , চলনবিল প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জে বাংলাদেশ শিল্পকলা একাডেমির নিবন্ধনভুক্ত শতরূপা শিল্পী গোষ্ঠীর ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী যাত্রাপালা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।গত ১৩ ও ১৪ আগস্ট উপজেলার শালিয়াগাড়ী বাজার প্রাঙ্গণে রাত ৯টা থেকে এ আয়োজন অনুষ্ঠিত হয়। এতে গ্রামীণ ঐতিহ্যবাহী লোকসংস্কৃতি, যাত্রাপালা ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন স্থানীয় দর্শকেরা।আয়োজকেরা জানান, হারিয়ে যেতে বসা বাংলার লোকসংস্কৃতি ও যাত্রাশিল্প সংরক্ষণ এবং নতুন প্রজন্মের মধ্যে দেশীয় সংস্কৃতির প্রতি আগ্রহ সৃষ্টি করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।শতরূপা শিল্পী গোষ্ঠীর সভাপতি মেহেদী হাসান (বিপ্লবের) সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন মো. আব্দুস সাত্তার বাবলু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গা) আসনের সংসদ সদস্য ভিপি আইনুল হক। সম্মানিত অতিথি ছিলেন রায়গঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী শেখ আব্দুল রাজ্জাক জুয়েল। অনুষ্ঠানের উদ্বোধন করেন ধামাইনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. রমজান আলী আকন্দ।এ সময় ধামাইনগর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. নবীর উদ্দিন নবীর, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. রিপন হোসেনসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক ও সংস্কৃতিপ্রেমীরা উপস্থিত ছিলেন।শতরূপা শিল্পী গোষ্ঠীর সভাপতি মেহেদী হাসান (বিপ্লব) বলেন, ‘লোকসংস্কৃতি ও যাত্রাশিল্প আমাদের গ্রামীণ ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। এ আয়োজনের মাধ্যমে ঐতিহ্যবাহী সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে।’দুই দিনের এ আয়োজন ঘিরে শালিয়াগাড়ী বাজার প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। যাত্রাপালা ও সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করতে স্থানীয় মানুষের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য।