খোলা বার্তা ডেস্ক:
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গা) সংসদীয় আসনের সংসদ সদস্য ভিপি আইনুল হকের ওপর হামলা ও তাঁর গাড়ি ভাঙচুরের ঘটনায় সুষ্ঠু তদন্তের জন্য ৯ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে সিরাজগঞ্জ জেলা বিএনপি।সোমবার (২৪ আগস্ট) জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ এবং বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত অনুমোদন করেন।জেলা বিএনপির সহসভাপতি নাজমুল হাসান তালুকদার রানাকে আহ্বায়ক এবং সিনিয়র যুগ্ম সম্পাদক ভিপি শামীম খানকে সদস্যসচিব করা হয়েছে।কমিটির সদস্যরা হলেন—জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট, দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ, সহপ্রচার সম্পাদক সাংবাদিক রেজাউল করিম খান, সহতথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সাংবাদিক এম. দুলাল উদ্দিন আহমেদ, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আলামিন খান, সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মিলন হক রঞ্জ।জেলা বিএনপি সূত্রে জানা গেছে, তদন্ত কমিটিকে আগামী সাত দিনের মধ্যে হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে লিখিত সুপারিশ দিতে বলা হয়েছে। তদন্ত প্রতিবেদন জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে জমা দিতে হবে।জেলা বিএনপি জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ ও জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে সাংগঠনিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে এ তদন্ত কমিটি কাজ করবে।তদন্ত কমিটি গঠনের বিষয়টি জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ এক বার্তায় জানিয়েছেন।