রবিউল ইসলাম রবি,, ধুনট (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার ধুনটে বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগে দায়ের করা মামলায় ফজলে খোদা বাবলু (৫১) নামে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৪ আগস্ট) সকালে তাঁকে বগুড়ার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।এর আগে সোমবার ভোর রাতে উপজেলার এলাঙ্গী ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার ফজলে খোদা বাবলু এলাঙ্গী ফকিরপাড়া গ্রামের আবুল হোসেন আকন্দের ছেলে। তিনি এলাঙ্গী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।ধুনট থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম জানান, ২০২৩ সালের ৭ জুন ধুনট পৌরসভার পশ্চিম ভরণশাহী এলাকায় বিএনপির কার্যালয়ে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ কর্মীসভা চলাকালে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় বিএনপির নেতাকর্মীদের আহত করার অভিযোগও রয়েছে। এ ঘটনায় ২০২৪ সালে ধুনট থানায় একটি মামলা দায়ের করা হয়।তিনি আরও জানান, ওই মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে ফজলে খোদা বাবলুকে সোমবার ভোর রাতে তাঁর নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত তাঁকে কারাগারে আটক রাখার আবেদন জানানো হয়েছে।