খোলা বার্তা ডেস্ক:
সিরাজগঞ্জের রায়গঞ্জে ইভটিজিংবিরোধী ঝটিকা অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে ঘুড়কা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে তাদের আটক করা হয়।রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম খানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানায়, শিক্ষাপ্রতিষ্ঠান ও সংলগ্ন এলাকা ইভটিজিংমুক্ত রাখতে সিরাজগঞ্জের পুলিশ সুপারের নির্দেশনায় রায়গঞ্জ-সলঙ্গা থানা এলাকায় নিয়মিত ঝটিকা ও আকস্মিক অভিযান পরিচালনা করা হচ্ছে।বিদ্যালয়ের সামনে শিক্ষার্থীদের উত্ত্যক্ত করার অভিযোগে তিনজনকে আটকের পর বিদ্যালয়ের প্রধান শিক্ষক, স্থানীয় জনপ্রতিনিধি ও অভিভাবকদের উপস্থিতিতে তাদের সতর্ক করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত না হওয়ার বিষয়ে মুচলেকা নেওয়া হয়। পরে অভিভাবকদের জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হয়।রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম খান বলেন, ‘আমাদের মেয়েরা নির্বিঘ্নে স্কুলে যাবে, বাসায় ফিরে আসবে। রায়গঞ্জ-সলঙ্গা থানা এলাকায় ইভটিজিংমুক্ত করার জন্য জিরো-টিজিং লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছি আমরা। এ বিষয়ে সবার সহযোগিতা কামনা করছি।’পুলিশের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় অভিভাবক ও বাসিন্দারা। তারা শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত চালানোর দাবি জানিয়েছেন।