আবু মোহাম্মাদ,, স্টাফ রিপোর্টারঃ
সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের বহুতী বটতলা এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে সিএনজি অটোরিকশার ধাক্কায় চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।শুক্রবার (২৮ আগস্ট ) ভোর ৫টার দিকে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন—রায়গঞ্জ উপজেলার কালিঞ্জা গ্রামের গুতু রাজবংশীর ছেলে ঠাকুর হালদার (৭০) এবং কামারখন্দ উপজেলার কুঠিরচর গ্রামের আলী আকতার ফকিরের ছেলে সিএনজি অটোরিকশাচালক আশিক (৩৫)। আহত ব্যক্তি ঠাকুর হালদারের ছেলে বিষ্ণ হালদার।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে মাছ ধরার জন্য জাল নিয়ে বাড়ি থেকে বের হন ঠাকুর হালদার ও তার ছেলে বিষ্ণ হালদার। পরে তারা কামারখন্দ উপজেলার ভদ্রঘাট বাজার এলাকা থেকে একটি সিএনজি অটোরিকশায় করে সিরাজগঞ্জ শহরের দিকে যাচ্ছিলেন।পথে বহুতী বটতলা এলাকায় পৌঁছালে সিএনজি অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই চালক আশিক ও যাত্রী ঠাকুর হালদারের মৃত্যু হয়।দুর্ঘটনার পর স্থানীয়রা আহত বিষ্ণ হালদারকে উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই নিহতদের স্বজনরা মরদেহ বাড়িতে নিয়ে যান।এদিকে নিহত সিএনজি চালক আশিকের ভাতিজা ইসমাইল হোসেন জানান, ভোরে সিএনজি নিয়ে বাড়ি থেকে বের হন তার চাচা আশিক। সকাল ৬টার দিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পান। পরে স্বজনরা মরদেহ বাড়িতে নিয়ে যান।