মো. সালেহুর রহমান সজীব, জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাটে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া প্রায় ৪০০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। এ সময় শিক্ষার্থীদের উচ্চশিক্ষা, দক্ষতা অর্জন ও ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়।শনিবার (২৯ আগস্ট) দুপুরে শহরের স্বপ্নছায়া কমিউনিটি সেন্টারে জয়পুরহাট জেলা ছাত্রশিবিরের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ পাওয়া প্রায় ৪০০ শিক্ষার্থী এতে অংশ নেয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ফজলুর রহমান সাঈদ। প্রধান আলোচক ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান পলাশ।জেলা ছাত্রশিবিরের সভাপতি আশরাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে ক্যারিয়ার গাইডলাইন বিষয়ে বক্তব্য দেন ডাকসুর এজিএস ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি মহিউদ্দিন খান, ছাত্রশিবিরের কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক আবু নাসির ত্বহা, গার্ডিয়ান পাবলিকেশনের ব্যবস্থাপনা পরিচালক নূর মোহাম্মদ, ডা. জাকারিয়া জালাল এবং জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি তারেক হোসেনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।বক্তারা বলেন, পরীক্ষায় ভালো ফলাফল করলেই সাফল্য নিশ্চিত হয় না। ভবিষ্যৎ ক্যারিয়ার নির্ধারণে শিক্ষার্থীদের নিজেদের আগ্রহ, দক্ষতা ও যোগ্যতার পাশাপাশি সময়ের চাহিদাকেও গুরুত্ব দিতে হবে। এখন থেকেই লক্ষ্য নির্ধারণ করে সে অনুযায়ী জ্ঞান ও দক্ষতা অর্জনের ওপর গুরুত্ব দেন তাঁরা।তাঁরা আরও বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি প্রযুক্তি, যোগাযোগ, ইংরেজি ভাষা, গবেষণা, সৃজনশীলতা ও সমস্যা সমাধানের দক্ষতা অর্জন জরুরি। উচ্চশিক্ষার বিভিন্ন সুযোগ এবং দেশ-বিদেশে নিজেদের প্রতিষ্ঠিত করার বিষয়েও শিক্ষার্থীদের ধারণা দেওয়া হয়।বক্তারা শিক্ষার্থীদের বড় স্বপ্ন দেখার পাশাপাশি অধ্যবসায়, শৃঙ্খলা ও সময়ের সঠিক ব্যবহারের পরামর্শ দেন। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমের অতিরিক্ত ব্যবহার ও বিভিন্ন ধরনের আসক্তি থেকে দূরে থেকে বই পড়া, জ্ঞানচর্চা ও সৃজনশীল কর্মকাণ্ডে যুক্ত হওয়ার আহ্বান জানান।পরে জিপিএ-৫ পাওয়া প্রায় ৪০০ শিক্ষার্থীর হাতে সম্মাননা ও উপহার তুলে দেন অতিথিরা।আয়োজকরা জানান, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করার পাশাপাশি তাঁদের ভবিষ্যৎ ক্যারিয়ার সম্পর্কে সচেতন করতেই এ আয়োজন করা হয়েছে।