খোলা বার্তা ডেস্ক:
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী লায়লা মিজান স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের সঙ্গে অনাকাঙ্ক্ষিত আচরণ, শারীরিক স্পর্শ ও কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।সম্প্রতি ষষ্ঠ শ্রেণির এক অপ্রাপ্তবয়স্ক ছাত্রীকে ওই শিক্ষক প্রেমের প্রস্তাব দিয়েছেন বলে অভিযোগ করেছেন ছাত্রীর অভিভাবক বাজ্জুন্নয়ন তাদুরী। একই সঙ্গে দীর্ঘদিন ধরে ছাত্রীদের সঙ্গে শিক্ষকের অনুপযুক্ত আচরণের অভিযোগও করা হয়েছে।এ ঘটনায় তিনি প্রতিষ্ঠানের অধ্যক্ষের কাছে লিখিত আবেদন করে অভিযোগের নিরপেক্ষ তদন্ত, তদন্ত চলাকালে অভিযুক্ত শিক্ষককে সংশ্লিষ্ট ছাত্রীদের কাছ থেকে দূরে রাখা এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। পাশাপাশি প্রতিষ্ঠানে শিশু সুরক্ষা ব্যবস্থা ও নিরাপদ অভিযোগ জানানোর ব্যবস্থা চালুরও দাবি করা হয়েছে। অভিযোগের বিষয়ে অভিযুক্ত শিক্ষক ও প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।