খোলা বার্তা ডেস্ক:
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা হাজী ওয়াহেদ মরিয়ম অনার্স কলেজে এক ছাত্রীকে শালীনতাহানি ও ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়েছে।সোমবার (৩১ আগস্ট) বেলা ১১টার দিকে কলেজের গেটসংলগ্ন প্রধান সড়কে এ কর্মসূচির আয়োজন করেন অভিভাবকেরা।এ সময় বক্তব্য দেন সিমাবাড়ি ইউনিয়নের বেটখৈর এলাকার ব্যবসায়ী মো. শামীম বিশ্বাস, একই এলাকার বাসিন্দা মোছা. লাইলী বেগম, অভিভাবক মো. শাহজাহান ও তৌহিদুল ইসলাম বাবুসহ স্থানীয়রা।বক্তারা বলেন, শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশে পাঠদান নিশ্চিত করা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের দায়িত্ব। মেয়েদের নিরাপত্তার বিষয়ে কোনো ধরনের অবহেলা গ্রহণযোগ্য নয়। তাদের দাবি, এর আগে একই বিষয়ে কলেজ কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দেওয়া হলেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।তারা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী যাতে হয়রানি, শালীনতাহানি কিংবা ব্ল্যাকমেইলিংয়ের শিকার না হন, সে জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন। অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মো. শাহিন শেখকে গ্রেপ্তার ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা। একই সঙ্গে তাকে প্রতিষ্ঠান থেকে স্থায়ীভাবে বহিষ্কার এবং শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও ভয়মুক্ত পরিবেশ তৈরির আহ্বান জানানো হয়।এদিকে, এর আগে এক শিক্ষার্থী ও এক গৃহবধূর সঙ্গে কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মো. শাহিন সুমনের কথোপকথনের বলে দাবি করা একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। স্থানীয়দের মধ্যে অডিওটি নিয়ে আলোচনা তৈরি হয়েছে। তবে অডিওটির উৎস, সম্পাদনা বা কথোপকথনে থাকা ব্যক্তিদের পরিচয় স্বাধীনভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।কর্মসূচি থেকে তিন দফা দাবি জানানো হয়। এগুলো হলো—অভিযোগের দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ব্ল্যাকমেইলিং ও মানসিক হয়রানিমুক্ত শিক্ষার পরিবেশ গড়ে তোলা।পরে অংশগ্রহণকারীরা অভিযোগের দ্রুত নিষ্পত্তি, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্তের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।