নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাটে নানা কর্মসূচি পালন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ করা হয়।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে কামারখন্দ উপজেলা বিএনপির আয়োজনে ভদ্রঘাট শামছুন মহসীন উচ্চ বিদ্যালয় ও বাজার ভদ্রঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ করা হয়।এর আগে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ দলের প্রয়াত নেতাকর্মীদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে দলের নেতাকর্মীদের সুস্থতা ও কল্যাণ এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করা হয়।দোয়া শেষে শিক্ষার্থীদের মাঝে আম, জাম, পেয়ারা ও বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ করা হয়। শিক্ষার্থীদের গাছ লাগাতে উৎসাহিত করা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় সচেতনতা তৈরির লক্ষ্যে এ বৃক্ষ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ শেষে ভদ্রঘাট এলাকায় ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মির্জা আব্দুস সামাদ এর বাসভবনে দলীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের জন্য খাবারের আয়োজন করা হয়। কর্মসূচিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা আব্দুল্লাহ আল কায়েস, কামারখন্দ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজাতে রাব্বি উথান, সহ-সভাপতি আব্দুল আলিম খান, ভদ্রঘাট ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মির্জা সামাদ, সাধারণ সম্পাদক মো. হায়দার আলী, ভদ্রঘাট ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. মিজানুর রহমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।