খোলা বার্তা ডেস্ক:
সিরাজগঞ্জের রায়গঞ্জে এলপিজি অটো গ্যাসের অনুমোদনের আড়ালে অবৈধভাবে পেট্রোল ও ডিজেল বিক্রির অভিযোগে মো. আব্দুল মতিন নামে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তেল বিক্রিতে ব্যবহৃত দুটি পেট্রোল ডিসপেন্সার মেশিন জব্দ করা হয়।বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের চক নুরগ্রামে অবস্থিত তালুকদার ফিলিং স্টেশন অ্যান্ড এলপিজি অটো গ্যাসে এ অভিযান পরিচালনা করা হয়।সিরাজগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এহসান আহমেদ খানের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এ সময় র্যাব-১২-এর সদস্যরা উপস্থিত ছিলেন।অভিযান সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটির এলপিজি অটো গ্যাস বিক্রির অনুমোদন থাকলেও সেখানে অনুমোদন ছাড়াই পেট্রোল ও ডিজেল বিক্রি করা হচ্ছিল। এ অভিযোগে প্রতিষ্ঠানটির সংশ্লিষ্ট ব্যক্তি মো. আব্দুল মতিনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে অবৈধভাবে তেল বিক্রিতে ব্যবহৃত দুটি পেট্রোল ডিসপেন্সার মেশিন জব্দ করা হয়।জরিমানাপ্রাপ্ত আব্দুল মতিন রায়গঞ্জ উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের বিশ্বাসপাড়া গ্রামের বাসিন্দা।