খোলা বার্তা ডেস্ক:
সিরাজগঞ্জের রায়গঞ্জে অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো বিধবা রেখা বেগমের পরিবারের পাশে দাঁড়িয়েছে ‘মানবতার কল্যাণে রক্তদান সংগঠন’। সংগঠনের পক্ষ থেকে পরিবারটির আগামী এক মাসের খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী কিনে দেওয়া হয়েছে।রোববার (১৩ সেপ্টেম্বর) সংগঠনের পক্ষ থেকে প্রায় ৪ হাজার টাকার বাজারসামগ্রী ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে তুলে দেওয়া হয়। এতে রয়েছে ২৫ কেজি চাল, ৫ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, আধা কেজি রসুন, ১ লিটার ভোজ্যতেল, গরম মসলা, ২ কেজি মাছ, এক ক্রেট ডিম, ২ কেজি আটা, একটি সাবান, আধা কেজি সাবানের গুঁড়া, একটি লাউ, একটি প্যারাসুট তেলসহ আরও প্রয়োজনীয় সামগ্রী।সংগঠনটির নির্বাহী পরিচালনা পরিষদ জানায়, অগ্নিকাণ্ডে পরিবারটি চরম সংকটে পড়েছে। বিশেষ করে ঘরবাড়ি ও প্রয়োজনীয় সামগ্রী হারানোর পর তাদের নিত্যদিনের খাবারের ব্যবস্থাও কঠিন হয়ে পড়েছে। এ বিষয়টি বিবেচনা করে তাৎক্ষণিকভাবে এক মাসের বাজার করে দেওয়া হয়েছে।তারা আরও জানায়, মানুষের বিপদে পাশে দাঁড়ানো এবং অসহায় পরিবারের পাশে মানবিক সহায়তা পৌঁছে দেওয়া সংগঠনের অন্যতম লক্ষ্য। ভবিষ্যতেও সামর্থ্য অনুযায়ী পরিবারটির পাশে থাকার চেষ্টা করা হবে।সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে সংগঠনটির প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।