মো. সালেহুর রহমান সজীব,, জয়পুরহাট প্রতিনিধি:
দিনাজপুরের হাকিমপুরে বিজিবি, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট, কুকিজেসিক ইনজেকশন ও দেশীয় রাম দাসহ রিপন আহম্মেদ (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১টার দিকে হাকিমপুর উপজেলার বড় ডাঙ্গাপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) সূত্রে জানা যায়, বিজিবির অধিনায়ক ও উপ-অধিনায়কের নেতৃত্বে দুইটি টহলদল এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জয়পুরহাটের সহকারী পরিচালক শাকিল আহম্মেদের নেতৃত্বে একটি দল ও হাকিমপুর থানার এএসআই মো. আশরাফুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল যৌথভাবে অভিযান চালায়। এ সময় রিপন আহম্মেদকে আটক করা হয়।আটক রিপন হাকিমপুর উপজেলার বড় ডাঙ্গাপাড়া গ্রামের জরীব উদ্দিনের ছেলে।অভিযানে তার কাছ থেকে ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, কুকিজেসিক ইনজেকশনের ১২৫টি অ্যাম্পুল, একটি বড় দেশীয় রাম দা ও একটি Oppo A5 Pro অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকদ্রব্যের আনুমানিক জব্দমূল্য ১ লাখ ৭৭ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।পরে আটক ব্যক্তি ও উদ্ধার করা মাদকদ্রব্য, অস্ত্র এবং মোবাইল ফোন হাকিমপুর থানায় হস্তান্তর করা হয়েছে।বিজিবি জানায়, আটক রিপনের বিরুদ্ধে হাকিমপুর থানায় একটি হত্যা মামলা ও মাদকসংক্রান্ত কয়েকটি মামলা রয়েছে।