রবিউল ইসলাম রবি,, ধুনট (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার ধুনট উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবনের উদ্বোধন করা হয়েছে। প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত নতুন ভবনটির উদ্বোধন করেন বগুড়া-৫ (ধুনট-শেরপুর) আসনের জাতীয় সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ।শনিবার (১৯ সেপ্টেম্বর) আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে নতুন ভবনে প্রবেশ করেন এমপি গোলাম মোহাম্মদ সিরাজ। পরে তিনি সম্প্রসারিত প্রশাসনিক ভবনের ফলক উন্মোচন করেন।ফলক উন্মোচন শেষে ভবন প্রাঙ্গণে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ মো. আব্দুল্লাহ। পরে উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন এমপি গোলাম মোহাম্মদ সিরাজ।বক্তব্যে তিনি বলেন, “আমি ধুনটকে একটি আধুনিক মডেল ধুনট হিসেবে গড়ে তুলব।” এ সময় সরকারি কর্মকর্তাদের থাকার জন্য পৃথক ভবন নির্মাণেরও আশ্বাস দেন তিনি।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও বগুড়া জেলা বিএনপির সদস্য আসিফ সিরাজ রব্বানী, ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ উল্লাহ নিজামী, উপজেলা বিএনপির সভাপতি তৌহিদুল আলম মামুন, সাবেক পৌর প্রশাসক আলিমুদ্দিন হারুন মন্ডলসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।