খোলা বার্তা ডেস্ক:
সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক ও প্রবীণ সাংবাদিক আব্দুল কুদ্দুস ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ভোররাতে সিরাজগঞ্জ শহরের মুজিব সড়কে নিজ বাসায় তিনি মারা যান। তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।মরহুমের ভাতিজি ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান লায়লা ফেরদৌস হিমেল তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৭ আগস্ট হৃদরোগে আক্রান্ত হয়ে আব্দুল কুদ্দুস এনায়েতপুরের খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখানে বেশ কিছুদিন চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে ছিলেন তিনি। পরে কিছুটা সুস্থ হলে তাঁকে হাসপাতাল থেকে নিজ বাসায় নেওয়া হয়। এরপর এক মাসেরও বেশি সময় বার্ধক্যজনিত নানা জটিলতায় শয্যাশায়ী ছিলেন। শুক্রবার ভোরে নিজ বাসায় তাঁর মৃত্যু হয়।আব্দুল কুদ্দুস দৈনিক সংবাদ পত্রিকার বার্তা পরিবেশক হিসেবে সাংবাদিকতা শুরু করেন। আমৃত্যু তিনি একই প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি সিরাজগঞ্জের গণমাধ্যম অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি সিরাজগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়কের দায়িত্বও পালন করেছেন।মৃত্যুকালে তিনি এক মেয়ে, নাতি, ভাই, ভাতিজা-ভাতিজিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।শুক্রবার বাদ জুমা সিরাজগঞ্জ পৌরসভার মালশাপাড়া কবরস্থান মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাঁকে মালশাপাড়া কবরস্থানে দাফন করা হবে বলে পারিবারিক সূত্র জানিয়েছে।প্রবীণ এই সাংবাদিকের মৃত্যুতে সিরাজগঞ্জের সাংবাদিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।