খোলা বার্তা ডেস্ক:
সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম থানায় অভিযান চালিয়ে চোরাই ৯৪টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনসহ আন্তজেলা চোরচক্রের আট সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের ব্যবহৃত শ্যামলী পরিবহনের একটি বাস থেকে চুরি যাওয়া মোবাইল ফোনগুলো উদ্ধার করা হয়।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. রবিউল (৩৩), আলাউদ্দিন (২৫), ইসরাফিল (২৭), হৃদয় (৩৫), আলামিন (৩০), আক্কাস (৩৫), ইমরান (৩০) ও ইয়াসিন আরাফাত (৩৮)।পুলিশ জানায়, বুধবার সকাল ৮টার দিকে বগুড়ার ধুনটের একটি মোবাইল ফোনের দোকানের শাটার কেটে ভেতরে প্রবেশ করে চোরচক্রের সদস্যরা। তারা দোকান থেকে বিপুলসংখ্যক মোবাইল ফোন চুরি করে দুটি সিএনজি অটোরিকশা ভাড়া করে শেরপুর বাসস্ট্যান্ডে যায়। পরে সেখান থেকে শ্যামলী পরিবহনের একটি বাসে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়।যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ১১টার দিকে শ্যামলী পরিবহনের ওই বাসে অভিযান চালানো হয়। এ সময় আটজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের কাছ থেকে মোট ৯৪টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়।চুরি হওয়া দোকানটির স্বত্বাধিকারী মাসুদ রানা জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে দোকান বন্ধ করে তিনি বাড়ি চলে যান। বুধবার সকাল ৭টার দিকে মার্কেটের নৈশপ্রহরী দোকানগুলোর খোঁজ নিতে গিয়ে মাসুদ টেলিকমের তালা কাটা ও শাটার খোলা দেখতে পান। পরে বিষয়টি তাকে জানানো হয়।খবর পেয়ে দোকানে গিয়ে ধুনট থানায় বিষয়টি জানান মাসুদ রানা। পুলিশ দোকানের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে চোরদের শনাক্তের চেষ্টা করে। পরে সিএনজি স্ট্যান্ডে গিয়ে চালকদের সঙ্গে কথা বলে জানতে পারে, আটজন ব্যক্তি দুটি সিএনজি অটোরিকশা রিজার্ভ করে শেরপুর বাসস্ট্যান্ডে গিয়েছিল।পরে শেরপুর বাসস্ট্যান্ডের শ্যামলী পরিবহনের কাউন্টার থেকে বাসের নম্বর ও সুপারভাইজারের মোবাইল নম্বর সংগ্রহ করে ধুনট থানা পুলিশকে দেওয়া হয়। এর পর ধুনট থানা পুলিশ, সিরাজগঞ্জ হাইওয়ে পুলিশ ও যমুনা সেতু পশ্চিম থানা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে শ্যামলী পরিবহনের বাস থেকে আটজনকে গ্রেপ্তার করে।পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিরা বিভিন্ন জেলার বাসিন্দা এবং সংঘবদ্ধ চোরচক্রের সদস্য।এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে ধুনট থানায় মামলা করা হয়েছে। পরে তাদের ধুনট থানায় হস্তান্তর করা হয়েছে।