খোলা বার্তা ডেস্ক:
‘জাতীয় উৎপাদনশীলতা দিবস’ উপলক্ষে সিরাজগঞ্জের রায়গঞ্জে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালিটি বের হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ সভাকক্ষে গিয়ে শেষ হয়। পরে সেখানে জাতীয় উৎপাদনশীলতা দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল খালেক পাটোয়ারীর সভাপতিত্বে সভায় উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শামছুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা যুবদলের সভাপতি আব্দুর রাজ্জাক রানা, রায়গঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. গোলাম মুক্তাদিরসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।সভায় বক্তারা বলেন, দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনে উৎপাদনশীলতা বৃদ্ধির বিকল্প নেই। কর্মক্ষেত্রে দক্ষতা, প্রযুক্তির যথাযথ ব্যবহার, সময়ের সঠিক ব্যবস্থাপনা এবং অপচয় রোধের মাধ্যমে উৎপাদনশীলতা বাড়ানো সম্ভব।এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উৎপাদনশীলতা বৃদ্ধিতে নিজ নিজ অবস্থান থেকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন।