ছাম্মি আহমেদ আজমীর:
‘সার্বজনীন বাসস্থান,টেকসই নগরায়ন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব বসতি দিবস-২০২৬ উপলক্ষে সিরাজগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৫ অক্টোবর) সকালে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের শহিদ এ.কে.শামসুদ্দিন সম্মেলন কক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়। সিরাজগঞ্জ গণপূর্ত বিভাগের আয়োজনে এবং জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো: মাহমাদুল হাসান।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক আমিনুল ইসলাম।প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেন,পরিকল্পিত ও টেকসই নগরায়ন নিশ্চিত করতে সবার জন্য নিরাপদ,মানসম্মত ও বসবাসযোগ্য আবাসন গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নগর উন্নয়নের পাশাপাশি পরিবেশের ভারসাম্য,নাগরিক সুযোগ-সুবিধা, যোগাযোগব্যবস্থা এবং ভবিষ্যৎ প্রজন্মের প্রয়োজনকে গুরুত্ব দিতে হবে।তিনি আরও বলেন,সিরাজগঞ্জকে একটি পরিকল্পিত,পরিচ্ছন্ন,নিরাপদ ও বাসযোগ্য নগর হিসেবে গড়ে তুলতে জেলা প্রশাসন সংশ্লিষ্ট সকল দপ্তর ও প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে। টেকসই নগরায়নের ক্ষেত্রে সরকারি উদ্যোগের পাশাপাশি জনপ্রতিনিধি,বেসরকারি প্রতিষ্ঠান ও সাধারণ জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।এসময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়,সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভাইস প্রেসিডেন্ট লিটন সাহা।আলোচনা সভায় বক্তারা বলেন,দ্রুত নগরায়নের ফলে সৃষ্ট বিভিন্ন সমস্যা মোকাবিলায় দীর্ঘমেয়াদি ও বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণ করতে হবে। সবার জন্য নিরাপদ আবাসন নিশ্চিত করার পাশাপাশি পরিবেশবান্ধব নগর ব্যবস্থাপনা,খেলার মাঠ,উন্মুক্ত স্থান, জলাধার সংরক্ষণ এবং নাগরিকদের মৌলিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে। সভায় সিরাজগঞ্জ গণপূর্ত বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।