হানিফ পারভেজ, বড়লেখা প্রতিনিধি:
আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে মৌলভীবাজারের বড়লেখায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৫ অক্টোবর) বড়লেখা জেলা পরিষদ অডিটোরিয়ামে বড়লেখা থানা পুলিশের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান।সভায় উপজেলার ১৩৫টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক, উপজেলা পূজা উদযাপন পরিষদ ও পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ, পুলিশ প্রশাসনের কর্মকর্তা, বিএনপির নেতৃবৃন্দ, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার হিন্দু ধর্মাবলম্বীরা অংশগ্রহণ করেন।মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।বক্তারা বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি যাতে সৃষ্টি না হয়, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পূজা উদযাপন কমিটি, স্বেচ্ছাসেবক ও স্থানীয় জনগণকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পূজামণ্ডপে সন্দেহজনক কোনো ঘটনা বা পরিস্থিতি দেখা দিলে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার আহ্বান জানানো হয়।এ সময় গুজব, অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সেদিকে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য প্রচারের আগে তার সত্যতা যাচাই করার ওপর গুরুত্বারোপ করা হয়।সভায় বক্তারা বড়লেখার দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্য অটুট রেখে শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদযাপন কমিটি এবং সর্বস্তরের মানুষের সম্মিলিত সহযোগিতা কামনা করেন।