শাহ আলম সরকার,, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর শহরে সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উল্লাপাড়া পৌরসভা। শনিবার (১১ অক্টোবর) সকাল ৯টা থেকে শুরু হওয়া এ অভিযানে সড়ক ও ফুটপাতের ওপর বসানো অবৈধ দোকানপাট ও দখল সরিয়ে জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করার উদ্যোগ নেওয়া হয়।উল্লাপাড়া পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হানুল ইসলামের নির্দেশনায় এবং পৌর নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম ভূইয়ার সার্বিক তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে পৌর শহরের বিভিন্ন সড়ক ও ফুটপাত দখল করে দোকানপাট বসানোর কারণে যানজটের সৃষ্টি হচ্ছিল। এতে স্কুল-কলেজের শিক্ষার্থী, কর্মজীবী মানুষ ও সাধারণ পথচারীদের চলাচলে ভোগান্তি পোহাতে হতো। বিশেষ করে ব্যস্ত সময়ে সড়কে যানবাহনের চাপ বাড়লে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠত। পৌরসভা সূত্রে জানা যায়, উচ্ছেদ অভিযানের আগে মাইকিংয়ের মাধ্যমে সংশ্লিষ্টদের সতর্ক করা হয় এবং নির্ধারিত সময়ের পর অভিযান পরিচালনা করা হয়। অভিযানের ফলে শহরের বিভিন্ন সড়ক ও ফুটপাত অনেকটাই চলাচলের উপযোগী হয়েছে। এতে যানবাহন চলাচল ও পথচারীদের যাতায়াতে স্বস্তি ফিরতে শুরু করেছে।স্থানীয়দের প্রত্যাশা, শুধু এক দিনের অভিযান নয়, নিয়মিত তদারকি ও কার্যকর ব্যবস্থাপনার মাধ্যমে সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখা হবে। পাশাপাশি ফুটপাত দখল করে দোকান বসানো এবং অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হলে শহরের যানজট কমবে এবং নাগরিক ভোগান্তি আরও হ্রাস পাবে।পৌর শহরের স্বাভাবিক চলাচল নিশ্চিত করা, যানজট নিরসন এবং নাগরিক দুর্ভোগ কমাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে—এমন প্রত্যাশা স্থানীয় বাসিন্দাদের।