মোঃ নাছিরুল হক, নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের নবাবগঞ্জে সড়কের পাশের নয়নজুলি থেকে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার ৫ নম্বর পুটিমারা ইউনিয়নের দলারদরগা বাজারের পশ্চিম পাশে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের পাশের নয়নজুলি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।স্থানীয় সূত্রে জানা যায়, এক পথচারী সড়কের পাশের নয়নজুলিতে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে নবাবগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মরদেহটি অর্ধগলিত অবস্থায় থাকায় তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তাঁর মৃত্যু কীভাবে হয়েছে, কত দিন আগে তাঁর মৃত্যু হয়েছে কিংবা কী কারণে তিনি সেখানে পড়ে ছিলেন, তাৎক্ষণিকভাবে এসব বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।