খোলা বার্তা ডেস্ক:
সিরাজগঞ্জের রায়গঞ্জে ৪০০টি গ্যাস সিলিন্ডার লুটের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় লুট হওয়া ৪৮টি সিলিন্ডার উদ্ধার ও একটি মিনি ট্রাক জব্দ করা হয়েছে।গত বুধবার (১৪ অক্টোবর) রাতে বগুড়ার শাজাহানপুর ও সদর উপজেলায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খান।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মহিদুল ইসলাম (২৬), সাকিব হোসেন (২০) ও গোলাম মোস্তফা (৪৬)। তাঁদের মধ্যে প্রথম দুজন বগুড়ার শাজাহানপুর এবং অপরজন বগুড়া সদর উপজেলার বাসিন্দা।এজাহার সূত্রে জানা যায়, গত ৭ অক্টোবর রাত ৩টার দিকে রায়গঞ্জের পাঙ্গাসী ইউনিয়নের চকনুর গ্রামের তালুকদার ফিলিং স্টেশন থেকে ৪০০টি গ্যাস সিলিন্ডার নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয় একটি ট্রাক। রাত সাড়ে ৩টার দিকে রৌহা সেতুর প্রায় ২০০ গজ পশ্চিমে দুর্বৃত্তরা ট্রাকটির পথরোধ করে চালক ও সহকারীদের অস্ত্রের মুখে জিম্মি করে। পরে ষোলমাইল ফায়ার সার্ভিসের পূর্ব পাশে কবরস্থানসংলগ্ন এলাকায় ট্রাক থেকে সিলিন্ডারগুলো অন্য গাড়িতে তুলে নেওয়া হয়।এ সময় চালক ও সহকারীদের মারধর করে তিনটি মুঠোফোন ও নগদ ৮৬ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। লুট হওয়া সিলিন্ডারগুলোর আনুমানিক মূল্য ১৩ লাখ ৮০ হাজার টাকা।এ ঘটনায় নারায়ণগঞ্জের মোহাম্মদ শফিউল্লাহ বাদী হয়ে রায়গঞ্জ থানায় এজাহার দায়ের করেন। রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনগত কার্যক্রম চলছে।