খোলা বার্তা ডেস্ক:
সিরাজগঞ্জের রায়গঞ্জে অবৈধভাবে ৭৫ বস্তা সার মজুদের অপরাধে এক ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।শনিবার (১৭ অক্টোবর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ধুবিল ইউনিয়নের মালতিনগর (আমতলা) বাজারে সরকার ট্রেডার্সের গোডাউনে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রায়গঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির। প্রসিকিউশন প্রদান করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোমিনুল ইসলাম।অভিযানে গোডাউন থেকে ১৫ বস্তা এমওপি, ৪০ বস্তা ডিওপি ও ২০ বস্তা টিএসপি সারসহ মোট ৭৫ বস্তা সার মজুদের প্রমাণ পাওয়া যায়। পরে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ৮(২) ধারা অনুযায়ী ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুল হাইয়ের উপস্থিতিতে জব্দ করা সারগুলো তাৎক্ষণিকভাবে ন্যায্যমূল্যে কৃষকদের কাছে বিক্রি করা হয়।অভিযান সংশ্লিষ্টরা জানান, বালাইনাশক বিক্রির আড়ালে ব্যবসায়ী আইয়ুর আলী দীর্ঘদিন ধরে রাসায়নিক সার বিক্রি ও অবৈধভাবে মজুদ করে আসছিলেন।