রবিউল ইসলাম রবি,, ধুনট (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার ধুনটে বাড়িতে চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছামিউল হক (১৮) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) বিকেল আনুমানিক ৫টার দিকে উপজেলার নিমগাছী ইউনিয়নের নাংলু গ্রামে এ ঘটনা ঘটে।নিহত ছামিউল হক ওই গ্রামের আব্দুল কালামের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের মৃত দৌলত জামানের ছেলে ছবির উদ্দিনের (৪৮) বাড়িতে বৈদ্যুতিক ইস্ত্রি চুরি করতে যান ছামিউল। পরে চুরি করা ইস্ত্রিটি পরীক্ষা করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।