রবিউল ইসলাম রবি,, ধুনট (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার ধুনটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) অভিযানে এক পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।রোববার (১৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার তারাকান্দি গ্রামে নিজ বসতবাড়িতে অভিযান চালিয়ে মো. ইমরুল কাদের সেলিম (৪৫) নামের ওই ব্যক্তিকে আটক করা হয়।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। ধুনট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর আল মনসুর শোয়াইবের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তাঁকে এ সাজা দেন। অভিযানকালে আটক ব্যক্তির কাছ থেকে এক পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে উদ্ধার করা ইয়াবা ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।