নিজস্ব প্রতিবেদক,, সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা বিএনপির সভাপতি ও সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সাবেক সংসদ সদস্য রোমানা মাহমুদ। এ সময় তিনি ব্যক্তিগত অর্থায়নে পূজামণ্ডপগুলোতে নগদ অর্থ সহায়তা প্রদান করেন। পাশাপাশি নেতাকর্মীদের দিয়েছেন গুরুত্বপূর্ণ নির্দেশনা। সোমবার (১৯ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের হালদারপাড়া রাধা গোবিন্দ মন্দির ও ভদ্রঘাট বাজারের সাহা পাড়া সার্বজনীন মন্দির পরিদর্শন করেন তিনি।পরিদর্শনকালে রোমানা মাহমুদ পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন এবং পূজার আয়োজক ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।এ সময় বিদ্যুৎমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা আব্দুল্লাহ আল কায়েস, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজাতে রাব্বি উথান, সহসভাপতি আব্দুল আলিম খান, ভদ্রঘাট ইউনিয়ন বিএনপির সভাপতি মির্জা আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক মো. হায়দার আলী, জেলা ছাত্রদলের সাবেক সদস্য মির্জা সম্রাট, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইসমাইল হোসেন, ছাত্রদলের ক্রীড়া সম্পাদক মুন্না সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।ভদ্রঘাট ইউনিয়ন বিএনপির সভাপতি মির্জা আব্দুস সামাদ বলেন, ভদ্রঘাট ইউনিয়নে হিন্দু মুসলমান সবসময় একসঙ্গে থেকেছে। কখনো কোনো বিশৃঙ্খলা হয়নি। জেলা বিএনপির সভাপতি আজকে পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন। আমাদের গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন৷ তাদের সাথে আমরা সবসময় আছি৷জেলা বিএনপির সভাপতি রোমানা মাহমুদ বলেন, এ দেশে সব ধর্মের মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করবেন, এটাই আমাদের প্রত্যাশা। হিন্দু-মুসলমানের মধ্যে যে সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন রয়েছে, তা অটুট রাখতে হবে। দুর্গাপূজা যেন শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদ্যাপিত হয়, সে জন্য সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বিএনপি সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতি ও মানুষের অধিকার রক্ষায় পাশে থাকবে।