শাহ আলম সরকার,, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
বাল্যবিবাহের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং এ সামাজিক ব্যাধি প্রতিরোধে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় উঠান বৈঠক করেছে বসুন্ধরা শুভসংঘ। রোববার (১৮ অক্টোবর) উপজেলার কয়ড়া ইউনিয়নের কয়ড়া কৃষ্টপুর গ্রামে বসুন্ধরা শুভসংঘের উল্লাপাড়া উপজেলা শাখার উদ্যোগে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় নারীদের বাল্যবিবাহের কুফল, আইনি বিধান এবং প্রতিরোধের উপায় সম্পর্কে সচেতন করা হয়।বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফার ইয়াছমিন। তিনি বলেন, বাল্যবিবাহের কারণে মা ও শিশুর স্বাস্থ্যঝুঁকি বেড়ে যায়। এ ছাড়া পারিবারিক কলহ, নারীর প্রতি নির্যাতন এবং বিবাহবিচ্ছেদের মতো সমস্যাও দেখা দিতে পারে। এসব সমস্যা থেকে সন্তানদের রক্ষা করতে নির্ধারিত বয়সের আগে বিয়ে না দেওয়ার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি।নিলুফার ইয়াছমিন বলেন, প্রচলিত আইন অনুযায়ী মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স ১৮ বছর এবং ছেলেদের ২১ বছর। এ বয়স পূর্ণ হওয়ার আগে বিয়ে দেওয়া থেকে বিরত থাকতে হবে। সন্তানদের চলাফেরার প্রতি খেয়াল রাখা, ইভটিজিং প্রতিরোধে সচেতন থাকা এবং কোথাও বাল্যবিবাহের আয়োজন করা হলে তা প্রশাসনকে জানানোর পরামর্শ দেন তিনি।বিশেষ অতিথি কয়ড়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য মোছা. শেফালী খাতুন বলেন, বিয়ের ক্ষেত্রে ছেলে ও মেয়ের সম্মতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মেয়ের মতামত উপেক্ষা করে জোরপূর্বক বিয়ে দেওয়া উচিত নয়। বাল্যবিবাহ প্রতিরোধে জনপ্রতিনিধিদের পাশাপাশি অভিভাবকদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কালের কণ্ঠের উল্লাপাড়া উপজেলা প্রতিনিধি আতাউর রহমান রাজু।উঠান বৈঠকে অংশ নেওয়া এক নারী বলেন, এ আয়োজনের মাধ্যমে তাঁরা বাল্যবিবাহের ক্ষতিকর দিক সম্পর্কে জানতে পেরেছেন। তাঁরা নিজেরা সন্তানদের বাল্যবিবাহ দেবেন না এবং আশপাশে কেউ বাল্যবিবাহ দেওয়ার চেষ্টা করলে তা প্রতিরোধে উদ্যোগ নেবেন। জোর করে বিয়ে দেওয়া হলে মেয়ের পাশাপাশি ছেলের জীবনেও নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে মন্তব্য করেন তিনি।বক্তারা বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে পরিবার, জনপ্রতিনিধি, প্রশাসন, গণমাধ্যম ও সামাজিক সংগঠনকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এ ক্ষেত্রে অভিভাবকদের সচেতন করা, শিশুদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এবং বাল্যবিবাহবিরোধী আইনের যথাযথ প্রয়োগ জরুরি।বসুন্ধরা শুভসংঘের উল্লাপাড়া উপজেলা শাখার সভাপতি অধ্যাপক রাশেদা সুলতানা রোজীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক শাহ আলম, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম, ইমরান হাসান আলিফ, শামিমা আফরোজ, শর্মিলা স্বপ্না, সজল ও রওশন আরা রিজুসহ সংগঠনের অন্যান্য সদস্য।