সোহাগ হোসেন,, তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় ভাবগাম্ভীর্য ও আনন্দ-উদ্দীপনার মধ্য দিয়ে প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের প্রধান শারদীয় দুর্গোৎসব।বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক ছেড়ে দেবী দুর্গা ফিরে গেলেন স্বর্গলোকের কৈলাসে তাঁর স্বামীর ঘরে। আগামী শরতে ধরণীতে অর্থাৎ বাবার ঘরে-তিনি আবারও ফিরে আসবেন, এই প্রার্থনায় ভক্তরা তাঁকে বিদায় জানান।বুধবার সকাল থেকেই তাড়াশ উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপের দুর্গাদেবীর প্রতিমা বিসর্জন শুরু করেন ভক্ত ও পুজারীরা। নেচে-গেয়ে, সিঁদুর খেলায় মেতে উঠে এবং ঢাক-ঢোলের তালে তালে ভক্তিভরে দেবী দুর্গাকে বিদায় জানানো হয়।সনাতন পঞ্জিকা মতে, এবার দেবী দুর্গার আগমন ঘটেছিল 'ঘোড়ায়' চড়ে এবং তিনি মর্ত্যলোক থেকে বিদায় নিলেন 'নৌকা'য় চড়ে।উৎসবে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে গৃহীত হয়েছিল নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা।তাড়াশ উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি গোপাল চন্দ্র ঘোষ জানান, "প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে উপজেলার ৪৯টি মণ্ডপের শারদীয় দুর্গোউৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। বিসর্জন চলাকালে সার্বিক শৃঙ্খলা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্বেচ্ছাসেবকরা অত্যন্ত তৎপর ছিলেন।"আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি ও সর্বস্তরের মানুষের অংশগ্রহণে অত্যন্ত শান্তিপুর্ণ পরিবেশে এবার তাড়াশে দুর্গাপূজার বিসর্জন পর্ব শেষ হয়েছে।