ছাম্মি আহমেদ আজমীর:
সিরাজগঞ্জের চন্দ্রকণায় উৎসবমুখর পরিবেশে চ্যালেঞ্জ কাপ ফুটবল টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে চন্দ্রকণা সংলগ্ন একটি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্থানীয় ক্রীড়াপ্রেমী, খেলোয়াড় ও দর্শকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মাঠজুড়ে উৎসবের আমেজ সৃষ্টি হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, খেলাধুলা তরুণ সমাজকে মাদক ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুস্থ, সুন্দর ও মেধাবী প্রজন্ম গড়ে তুলতে খেলাধুলার কোনো বিকল্প নেই।তিনি আরও বলেন, তরুণরাই দেশের ভবিষ্যৎ। খেলাধুলার মাধ্যমে তাদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলা, পারস্পরিক সহযোগিতা ও ভ্রাতৃত্ববোধ গড়ে ওঠে। তাই পড়াশোনার পাশাপাশি তরুণদের নিয়মিত খেলাধুলা ও ক্রীড়াচর্চায় সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য মো. আসলাম উদ্দিন, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক খোরশেদ আলম মিন্টু।এ ছাড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।