খোলা বার্তা ডেস্ক:
যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে নাম আসার পর সিরাজগঞ্জের জেলা খাদ্য নিয়ন্ত্রক হারুন অর রশিদকে বদলি করা হয়েছে। রোববার (২৫ অক্টোবর) তাঁকে খাদ্য অধিদপ্তরে সংযুক্ত করা হয়।সোমবার (২৬ অক্টোবর) দুপুরে রাজশাহী বিভাগীয় আঞ্চলিক খাদ্য কর্মকর্তা এস এম কায়ছার আলী বদলির বিষয়টি নিশ্চিত করেন। তবে কী কারণে তাঁকে বদলি করা হয়েছে, তা তিনি জানাতে পারেননি।গত ১০ অক্টোবর সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা পদে ২৪২টি শূন্য পদে নিয়োগের এমসিকিউ বাছাই পরীক্ষা শুরুর কয়েক মিনিট আগে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে পরীক্ষা স্থগিত করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলার তদন্তে সম্পৃক্ততার অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।ঘটনার সঙ্গে হারুন অর রশিদের নাম বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। এর মধ্যে ১৪ অক্টোবরের পর ২৫ অক্টোবর তিনি অফিসে আসেন বলে জানিয়েছেন তাঁর কার্যালয়ের প্রধান সহকারী কামরুল ইসলাম। তবে তাঁর বদলির সঙ্গে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের সরাসরি কোনো যোগসূত্র রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।