নলডাঙ্গা( নাটোর) সংবাদদাতা:
নাটোরের নলডাঙ্গা রেলওয়ে স্টেশনে ঢাকা ও পঞ্চগড়গামী আন্তঃনগর "পঞ্চগড় এক্সপ্রেস"ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছেন নলডাঙ্গা পৌরবাসী ও স্থানীয় সচেতন নাগরিকরা। স্থানীয় জনসাধারণের দীর্ঘদিনের এ দাবি বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত মানববন্ধনে পঞ্চগড় থেকে ঢাকাগামী ট্রেনটির আপ ও ডাউন উভয় ট্রিপে নলডাঙ্গা রেলওয়ে স্টেশনে স্টপেজ দেওয়ার জোর দাবি জানানো হয়। মানববন্ধনে নলডাঙ্গা এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার সচেতন নাগরিক ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।বুধবার(২৮ অক্টোবর) বেলা ১২ টার দিকে নলডাঙ্গা রেলওয়ে স্টেশন প্লার্টফমে এই কর্মসূচি পালন করা হয়।কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বলেন, নলডাঙ্গা স্টেশনে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি চালু হলে নাটোর ও নলডাঙ্গা এলাকার মানুষের রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে যাতায়াত আরও সহজ হবে। এতে শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী ও সাধারণ যাত্রীরা বিশেষভাবে উপকৃত হবেন। পাশাপাশি এলাকার যোগাযোগব্যবস্থা ও অর্থনৈতিক কর্মকাণ্ডেও ইতিবাচক প্রভাব পড়বে। বক্তব্যে,জনসাধারণের এ যৌক্তিক দাবি মাননীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপের দৃষ্টি আকর্ষণ করা হয়। বক্তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।মানববন্ধনে বক্তব্য রাখেন, নলডাঙ্গা পৌর বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য সচিব এস এম সান্টু আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহব্বায়ক উজ্জল রহমান, উপজেলা সমবায় দলের সভাপতি আনোয়ার হোসেন,উপজেলা ওলামাদলের পৌর সভাপতি মমিন হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ন-আহব্বায়ক সবুজ হোসেন, উপজেলা তরুনদলের আহব্বায়ক মিজানুর রহমান, পৌর ছাত্রদলের আহব্বায়ক মিজানুর রহমান, পৌর ছাত্রদলের যুগ্ন-আহব্বায় আসাদুল ইসলাম,পৌর ৬ নং ওর্য়াড বিএনপির সাবেক কাউন্সিলর হাফিজুল রহমান, পৌর জাসাস সভাপতি শাহিন মোল্লা, সদস্য সচিব আকবর হোসেন, স্বেচ্ছাসেবকদল নেতা জাহিদুল ইসলাম অমিসহ বিভিন্ন ওর্য়াডের নেতৃবৃন্দ।