খোলা বার্তা ডেস্ক:
সিরাজগঞ্জেরৌ রায়গঞ্জ থানা কার্যালয় থেকে ভুঁইয়াগাঁতী পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কের সংস্কারকাজ বন্ধ রয়েছে প্রায় এক বছর ধরে। প্রায় তিন কিলোমিটার সড়কে খোয়া বিছিয়ে কাজ ফেলে রাখায় বিভিন্ন স্থানে তৈরি হয়েছে ছোট-বড় অসংখ্য খানাখন্দ। এতে প্রতিদিন দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও রোগীরা। সড়কটি দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। আগামী এক সপ্তাহের মধ্যে কাজ শুরু না হলে কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়ার ঘোষণা দিয়েছেন তাঁরা।রোববার (১ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার ধানগড়া ইউনিয়নের চর তেলিজানা আলিম মাদ্রাসার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।স্থানীয় সূত্রে জানা যায়, সড়কটির সংস্কারকাজ শুরু হওয়ার পর প্রায় অর্ধেক কাজ শেষ করা হয়। এরপর প্রায় তিন কিলোমিটার অংশে খোয়া বিছিয়ে রেখে কাজ বন্ধ করে দেওয়া হয়। প্রায় এক বছর ধরে সংস্কারকাজ বন্ধ থাকায় সড়কের বিভিন্ন স্থানে খানাখন্দের সৃষ্টি হয়েছে। এতে যানবাহন চলাচলের পাশাপাশি পথচারীদেরও ভোগান্তি পোহাতে হচ্ছে।মানববন্ধনে স্থানীয় বাসিন্দা ফরিদুল ইসলাম, আবু হাশেম বাঙ্গালী ও সেঞ্চুরি ক্লাবের সভাপতি সুলতান মাহমুদ শুভ বক্তব্য দেন।বক্তারা বলেন, প্রায় এক বছর ধরে সংস্কারকাজ বন্ধ থাকায় সড়কটির বিভিন্ন স্থানে ছোট-বড় অসংখ্য খানাখন্দ তৈরি হয়েছে। বেহাল সড়কে চলাচল করা কঠিন হয়ে পড়েছে। এ সড়ক দিয়ে প্রতিদিন হাজারো শিক্ষার্থী ও শত শত রোগী রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাতায়াত করেন। বিশেষ করে অসুস্থ রোগীদের হাসপাতালে নেওয়ার সময় চরম দুর্ভোগ পোহাতে হয়। জনদুর্ভোগ নিরসনে দ্রুত সড়কটির সংস্কারকাজ শুরু করে শেষ করার দাবি জানান তাঁরা। সেঞ্চুরি ক্লাবের সভাপতি সুলতান মাহমুদ শুভ বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে সড়কের সংস্কারকাজ শুরু না হলে কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।মানববন্ধনে শিক্ষার্থী, সাংবাদিক ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।