খোলা বার্তা ডেস্ক:
পরিবারের আর্থিক অসচ্ছলতার কথা তুলে ধরে যোগ্যতা অনুযায়ী সরকারি চাকরির সুযোগ চেয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সহযোগিতা কামনা করেছেন সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার এক ছাত্রদল নেতা। এ বিষয়ে তিনি নিজের ফেসবুক আইডিতে একটি আবেদন পোস্ট করেছেন।শনিবার (৩১ অক্টোবর) নিজের ফেসবুক আইডিতে দেওয়া ওই পোস্টে মো. সোহেল রানা নামের ওই ছাত্রদল নেতা প্রধানমন্ত্রীর উদ্দেশে চাকরির সুযোগ চেয়ে আবেদন জানান।পোস্টে তিনি নিজেকে সরকারি বেগম নুরুন্নাহার তর্কবাগীশ অনার্স কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে পরিচয় দেন। দীর্ঘদিন ধরে ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত থেকে দলের জন্য কাজ করছেন বলেও উল্লেখ করেন তিনি।ফেসবুক পোস্টে সোহেল রানা লেখেন, তাঁর পরিবারের আর্থিক অবস্থা ভালো নয়। পড়াশোনার পাশাপাশি পরিবারের আর্থিক সচ্ছলতার জন্য একটি সম্মানজনক চাকরি তাঁর খুব প্রয়োজন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে তরুণদের কর্মসংস্থানের উদ্যোগের প্রতি আস্থা রেখে তিনি এ আবেদন জানিয়েছেন।নিজের যোগ্যতা অনুযায়ী যেকোনো সরকারি দপ্তরে একটি চাকরির সুযোগ করে দিতে প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করেন তিনি। এমন সুযোগ পেলে তিনি ও তাঁর পরিবার প্রধানমন্ত্রীর কাছে চিরকৃতজ্ঞ থাকবেন বলেও পোস্টে উল্লেখ করেন সোহেল রানা।