খোলা বার্তা ডেস্ক:, সিরাজগঞ্জ
পিরোজপুরের বীর মুক্তিযোদ্ধা মানিক পসারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন করেছেন মুক্তিযোদ্ধারা। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা।সোমবার (২ নভেম্বর) সকালে সিরাজগঞ্জ কালেক্টরেট চত্বরে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।সিরাজগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মেছের উদ্দিনের সভাপতিত্বে মানববন্ধনে দলমত-নির্বিশেষে বিভিন্ন স্তরের মুক্তিযোদ্ধারা অংশ নেন।মানববন্ধনে বক্তারা বলেন, দেশে স্বাধীনতাবিরোধী শক্তি এখনো সক্রিয় রয়েছে। মানবতাবিরোধী অপরাধের মামলায় দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে সাক্ষী হওয়ায় বীর মুক্তিযোদ্ধা মানিক পসারীকে মৃত্যুর পরও লাঞ্ছিত হতে হয়েছে। একজন মুসলমানের জানাজায় আরেকজন মুসলমানের বাধা দেওয়ার ঘটনা অত্যন্ত নিন্দনীয় ও দুঃখজনক।বক্তারা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, একজন বীর মুক্তিযোদ্ধার মর্যাদা ও সম্মান রক্ষায় সবাইকে সোচ্চার হতে হবে। একই সঙ্গে এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাঁদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য দেন জেলা মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল, যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলামসহ অন্য মুক্তিযোদ্ধারা। এ সময় কয়েক শ মুক্তিযোদ্ধা মানববন্ধনে অংশ নেন।