রবিউল ইসলাম রবি,, ধুনট (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার ধুনটে ওয়ারেন্টভুক্ত এক আসামি ও নিয়মিত মামলার তিন আসামিকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহসভাপতিও রয়েছেন। এ সময় এক আসামির কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, ধুনট সদরপাড়ার মৃত শাহ আলমের ছেলে মো. শাহাদৎ হোসেন (২৯)। তিনি ধুনট উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহসভাপতি। তাঁকে ধুনট বাজার থেকে গ্রেপ্তার করা হয়।অন্যরা হলেন ধুনটের দক্ষিণ অফিসারপাড়ার মো. মোস্তাফিজুর রহমান ওরফে ফিরোজ (৬০), গজারিয়া গ্রামের মৃত মজনুর ছেলে মো. সম্রাট বাবু (৩১) এবং তারাকান্দি গ্রামের মো. শরিফুল ইসলাম।পুলিশ জানায়, সম্রাট বাবুকে ধুনট উপজেলার ৩ নম্বর চিকাশী ইউনিয়নের গজারিয়া গ্রামে একটি মুদিদোকানের সামনে হেরিংবন্ড সড়ক থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি সাদা পলিথিনে মোড়ানো ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়া শেষে আজ বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।