রবিউল ইসলাম রবি,, ধুনট (বগুড়া) প্রতিনিধি:
ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনটে পুলিশের অভিযানে আটক তিন ব্যক্তিকে মাদক সেবনের দায়ে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে ধুনট উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ তাঁদের আটক করে। পরে আটক ব্যক্তিদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেওয়া হয়।দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, ধুনট সদরপাড়ার মৃত মোংলা স্বর্ণকারের ছেলে মোঃ আমিনুল ইসলাম আমু (৪৫), আব্দুল বারিক স্বর্ণকারের ছেলে মোঃ রাজিব হোসেন (৩৭) এবং মৃত মতি প্রাংয়ের ছেলে মোহাম্মদ লাল মিয়া (৩৮)।ভ্রাম্যমাণ আদালতে আমিনুল ইসলাম আমুকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড, রাজিব হোসেনকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড এবং লাল মিয়াকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।ধুনটের নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর আল মনসুর শোয়াইব ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ প্রদান করেন।