মোহাং ইয়াছিন, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের লোহাগাড়ায় হানিফ পরিবহনের যাত্রীবাহী বাসের ধাক্কায় মোহাম্মদ শামসুল আলম (৬০) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন।সোমবার (৯ নভেম্বর) বেলা ১১টা ২০ মিনিটের দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি সরকারি মহিলা কলেজের গেটের সামনে ডাকবাংলো এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত শামসুল আলম চুনতি শাহ সাহেব গেট এলাকার মৃত আবদুল জলিলের ছেলে।প্রত্যক্ষদর্শীরা জানান, গাছের চারা কেনার জন্য বাইসাইকেল নিয়ে স্থানীয় একটি নার্সারিতে যাচ্ছিলেন শামসুল আলম। এ সময় একই দিকে চলাচলকারী একটি চট্টগ্রামমুখী হানিফ পরিবহনের বাস তাঁর বাইসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে সড়কে পড়ে ঘটনাস্থলেই মারা যান।দুর্ঘটনার পর মহাসড়কে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করলে যান চলাচল স্বাভাবিক হয়।এদিকে দুর্ঘটনার পর বাসটি সড়কের পাশে রেখে চালক পালিয়ে গেছেন বলে জানা গেছে। স্থানীয়রা বাসটি আটক করেছেন।দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল আবছার বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। স্থানীয়রা বাসটি আটক করেছেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।