পারভেজ সরকার,
সিরাজগঞ্জের তাড়াশে গোয়ালঘরের তালা কেটে তিনটি গরু চুরির মামলায় ছয়জনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১২ (এসআরবি-১২)। গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি হওয়া দুটি গরুও উদ্ধার করা হয়েছে।এসআরবি-১২ সূত্রে জানা যায়, গত ১৯ জুন রাত দুইটার দিকে তাড়াশ উপজেলার একটি গোয়ালঘরের তালা কেটে তিনটি গরু চুরি করে একটি মিনি ট্রাকে করে পালিয়ে যায় চোরেরা। এ ঘটনায় গরুর মালিক তায়বুর রহমান রিপন তাড়াশ থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেন।মামলার তদন্ত ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার (১১ নভেম্বর) অভিযান চালায় এসআরবি-১২-এর একটি দল। সকালে সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া বাজারসংলগ্ন একটি মসজিদের সামনে অভিযান চালিয়ে দুজনকে এবং বিকেলে রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কের পাশে একটি পেট্রোল পাম্পের সামনে থেকে আরও চারজনকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- তাড়াশ উপজেলার শালিয়াগাড়ি গ্রামের আবুল হোসেনের ছেলে মো. জহুরুল ইসলাম (৪১), মঙ্গলবাড়িয়া গ্রামের এছের আলীর ছেলে মো. ফরমান আলী (৩৮), বগুড়ার শেরপুর উপজেলার আঁশগ্রামের মৃত সাহেব আলীর ছেলে মো. রাশেদুল ইসলাম (৩৬), পটুয়াখালীর কলাপাড়া উপজেলার গঙ্গামতি গ্রামের মৃত শাহ আলম সরদারের ছেলে নান্নু সরদার (৪৮), জামালপুরের বকশিগঞ্জ উপজেলার কোনোকান্দা গ্রামের আক্কাস আলীর ছেলে মো. আনাছ (২০) এবং ময়মনসিংহের গৌরীপুর উপজেলার খিল্লাতাজপুর গ্রামের আবুল কাশেমের ছেলে মো. সোহাগ (৩০)।এসআরবি-১২ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে সিরাজগঞ্জ সদর উপজেলার বনবাড়িয়া আদর্শ গ্রামের একটি বাড়ির উঠান থেকে একটি এবং কামারখন্দ উপজেলার মেঘাই ভদ্রঘাট সাতাশপাড়া এলাকার একটি বাড়ির গোয়ালঘর থেকে আরও একটি গরু উদ্ধার করা হয়।আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তার ছয়জনকে এবং উদ্ধার করা গরুসহ তাড়াশ থানায় হস্তান্তর করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবি-১২-এর অপারেশনস অফিসার সহকারী পুলিশ সুপার ধীমান কুমার মন্ডল।