খোলা বার্তা ডেস্ক:
আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহারে সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের ধুকুরিয়া গ্রামের জগতগাতী ব্লকে সমবায় পদ্ধতিতে ৫০ একর জমিতে উচ্চফলনশীল বি-১০৩ জাতের রোপা আমন ধান চাষ করা হয়েছে। উৎপাদিত ধান আধুনিক যন্ত্রের মাধ্যমে কর্তন করা হয়েছে। এ উপলক্ষে কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে উদ্বুদ্ধ করতে অনুষ্ঠিত হয়েছে মাঠ দিবস।বুধবার (১১ নভেম্বর) দুপুরে উপজেলা কৃষি অফিসের আয়োজনে ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম। তিনি কৃষকদের সঙ্গে নিয়ে ধান কাটার মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন।এ সময় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক এ কে এম মনজুরে মাওলা, অতিরিক্ত উপপরিচালক মো. আনোয়ার সাদাত, সদর উপজেলা কৃষি কর্মকর্তা এস এম নাসিম হোসেনসহ কৃষি বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।মাঠ দিবসে বক্তারা বলেন, উচ্চফলনশীল জাতের বীজ ও আধুনিক কৃষিযন্ত্র ব্যবহারের মাধ্যমে ফসলের উৎপাদন বাড়ানোর পাশাপাশি চাষাবাদের খরচ ও শ্রমিকনির্ভরতা কমানো সম্ভব। সমবায় পদ্ধতিতে বড় পরিসরে চাষাবাদ করলে জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি কৃষিকাজে যন্ত্রের ব্যবহার আরও সহজ হবে।তাঁরা আরও বলেন, কৃষকদের সার, বীজ ও শ্রমিক সংকটের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে কৃষকদের আরও আগ্রহী করে তুলতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখা প্রয়োজন।সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, সমবায় পদ্ধতিতে বৃহৎ জমিতে যান্ত্রিক কৃষির এ উদ্যোগ কৃষি উৎপাদন বৃদ্ধি, উৎপাদন খরচ কমানো এবং আধুনিক কৃষি প্রযুক্তির সম্প্রসারণে ইতিবাচক ভূমিকা রাখবে।