মো. ইউসুফ আলী, দিনাজপুর প্রতিনিধি:
সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় মাদকদ্রব্য ও মোটরসাইকেলসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১০টা ৫৫ মিনিটে দিনাজপুরের কোতোয়ালি থানার শালকি দক্ষিণপাড়া এলাকায় ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর মনিপুর বিওপির আওতাধীন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।অভিযানে মনিপুর গ্রামের মোঃ হাবিবুর রহমান (২৭) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ‘টেনসিউইন ০.৫’ (TENSIWIN 0.5) ১৬ পিস এবং একটি হিরো ডিলাক্স ১০০ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়।জব্দ করা মালামালের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৩৮ হাজার ৭৮০ টাকা। পরে আটক ব্যক্তিকে জব্দ করা মালামালসহ কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।এ বিষয়ে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান, পিএসসি বলেন, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। এসব অপরাধে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আটকে বিজিবি পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে।