চৈতী রাণী রায়, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে মশার উপদ্রব বেড়ে চরম ভোগান্তিতে পড়েছেন আবাসিক শিক্ষার্থীরা। বিশেষ করে সন্ধ্যার পর হল, রিডিং রুম ও ক্যাম্পাসের বিভিন্ন এলাকায় মশার উৎপাত অসহনীয় হয়ে উঠছে। এতে ডেঙ্গু ও চিকুনগুনিয়াসহ মশাবাহিত রোগের আতঙ্কে রয়েছেন শিক্ষার্থীরা। ব্যাহত হচ্ছে তাঁদের স্বাভাবিক জীবনযাপন ও পড়াশোনা।সরেজমিনে দেখা যায়, ক্যাম্পাসের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা, অপরিচ্ছন্ন পরিবেশ ও খোলা ড্রেনে জমে থাকা পানি মশার বংশবিস্তারের অনুকূল পরিবেশ তৈরি করেছে। বিশেষ করে আবাসিক হলগুলোর আশপাশে নিয়মিত বর্জ্য অপসারণ না করায় স্বাস্থ্যঝুঁকি বাড়ছে।শিক্ষার্থীরা জানান, বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতেই আবাসিক হল, ডরমেটরি, রিডিং রুম, দোকানপাট, ক্যাফেটেরিয়া ও কেন্দ্রীয় লাইব্রেরির আশপাশে মশার উপদ্রব বেড়ে যায়। কয়েল কিংবা মশারি ব্যবহার করেও অনেক সময় স্বস্তি মিলছে না। এতে পড়াশোনা, ঘুম ও স্বাভাবিক চলাফেরা ব্যাহত হচ্ছে। সম্প্রতি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একাধিক শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলেও জানা গেছে।বিদ্রোহী হলের আবাসিক শিক্ষার্থী মনিরুজ্জামান রানা বলেন, ‘আমাদের বিদ্রোহী হলে মশার উপদ্রব গুরুতর। সন্ধ্যা ও রাতে মশার আক্রমণ ব্যাপক আকার ধারণ করে। কয়েল বা মশারি ছাড়া পড়াশোনা করা ও ঘুমানো কষ্টকর। বিশেষ করে নিচতলার শিক্ষার্থীরা বেশি ভোগান্তিতে পড়ছেন। হলের চারপাশের অপরিচ্ছন্ন পরিবেশ ও জমে থাকা ময়লা-আবর্জনা এর অন্যতম কারণ।’শিউলিমালা হলের আবাসিক শিক্ষার্থী তাসকেরাতুন নূর বর্না বলেন, ‘হলে মশার উপদ্রব অস্বাভাবিক পর্যায়ে পৌঁছেছে। সন্ধ্যার পর কক্ষ ও রিডিং রুমে পড়াশোনা করা কঠিন হয়ে পড়ে। এমনকি নামাজঘর, ওয়াশরুম ও বেসিনেও মশার উৎপাত বেশি। হলের নিচের খোলা ড্রেন ও অপরিচ্ছন্ন পরিবেশ মশার বংশবিস্তারের অন্যতম কারণ।’অগ্নিবীণা হলের আবাসিক শিক্ষার্থী মামুন উর রশিদ বলেন, ‘অগ্নিবীণা হলে মশার উপদ্রব মারাত্মক। বিশেষ করে হলের সামনের কদমতলায় মশার কারণে একমুহূর্ত বসে থাকা যায় না। হলের পাশের ড্রেন ও ফাঁকা জায়গায় পানি জমে থাকায় মশার বংশবিস্তার বাড়ছে। দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে শিক্ষার্থীরা ডেঙ্গু ও চিকুনগুনিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে পড়বেন।’এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ‘ব্যথার দান’ মেডিকেল সেন্টারের অতিরিক্ত চিফ মেডিকেল অফিসার ডা. আবুল খায়ের মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, কয়েকজন শিক্ষার্থীর মধ্যে ডেঙ্গুর উপসর্গ দেখা দেওয়ায় তাঁদের বিশেষ নজরদারিতে রাখা হয়েছে। ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সতর্ক থাকতে হবে। ঘুমানোর সময় নিয়মিত মশারি ব্যবহার এবং বাসাবাড়ি ও ক্যাম্পাসের টবসহ বিভিন্ন স্থানে জমে থাকা পানি দ্রুত পরিষ্কার করতে হবে। কেউ ডেঙ্গুতে আক্রান্ত হলে আতঙ্কিত না হয়ে পর্যাপ্ত তরল খাবার গ্রহণ করতে হবে।বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান বলেন, ক্যাম্পাসে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি ও কয়েকজন শিক্ষার্থীর আক্রান্ত হওয়ার বিষয়টি প্রশাসন গুরুত্বের সঙ্গে তদারকি করছে। কিছুদিন আগে হলগুলোতে ফগার মেশিনের মাধ্যমে মশা নিধন কার্যক্রম পরিচালনা করা হয়েছে। পুনরায় মশক নিধন কার্যক্রম শুরু করতে পৌরসভার সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।শিক্ষার্থীদের দাবি, শুধু সাময়িকভাবে মশানাশক স্প্রে করলেই হবে না; ক্যাম্পাসের ড্রেনেজ ব্যবস্থা সচল রাখা, নিয়মিত বর্জ্য অপসারণ এবং জমে থাকা পানি পরিষ্কারের মাধ্যমে মশার প্রজননস্থল ধ্বংস করতে হবে। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে আবাসিক শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি আরও বাড়তে পারে।