খোলা বার্তা ডেস্ক:
সিরাজগঞ্জের রায়গঞ্জে অবৈধভাবে সার মজুত ও বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁর দোকান থেকে ২৩ বস্তা বিভিন্ন ধরনের সার জব্দ করা হয়।সোমবার (১৬ নভেম্বর) দুপুরে উপজেলার নিমগাছি বাজারের ‘রিয়া ট্রেডার্স’ নামের সার ও কীটনাশকের দোকানে অভিযান চালিয়ে স্বত্বাধিকারী নিপেন্দ্র নাথ মাহাতোকে এ জরিমানা করা হয়।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রওশন কবিরের নেতৃত্বে পরিচালিত অভিযানে ১১ বস্তা টিএসপি, ৭ বস্তা ইউরিয়া ও ৫ বস্তা এমওপি সার জব্দ করা হয়। পরে জব্দ করা সার সাধারণ কৃষকদের কাছে নির্ধারিত ও ন্যায্যমূল্যে বিক্রির নির্দেশ দেওয়া হয়।অভিযানে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. রাজিম হোসেনসহ উপসহকারী কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কৃষকদের স্বার্থ রক্ষা ও সারের অবৈধ মজুত এবং কালোবাজারি প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।