খোলা বার্তা ডেস্ক:
সারাদেশে ফ্যাসিবাদী অপশক্তি ও কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন-৩ প্রাঙ্গণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়। কর্মসূচির শুরুতে একটি প্রতিবাদ মিছিল অ্যাকাডেমিক ভবন-৩ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় অ্যাকাডেমিক ভবন-৩ প্রাঙ্গণে এসে সমাবেশে মিলিত হয়। এ সময় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক তাহ্মিনা আখতার, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আবদুস সোবাহান, ট্রেজারার অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর হোসেনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, প্রক্টরিয়াল বডির সদস্য, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।সমাবেশে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক তাহ্মিনা আখতার বলেন, দেশের কয়েকটি জেলায় নাশকতা, অরাজকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চলছে। এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ জানাতে হবে।তিনি আরো বলেন, ২০২৫ সালে দেশে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণের পর প্রতিশোধ বা প্রতিহিংসার পরিবর্তে ভালোবাসা ও জনগণের অংশগ্রহণের মাধ্যমে দেশ পরিচালিত হচ্ছে। কিন্তু বিভিন্ন ষড়যন্ত্র ও অপতৎপরতার মাধ্যমে এখনো দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং স্বাভাবিক অগ্রযাত্রাকে বাঁধাগ্রস্ত করার চেষ্টা চলছে।