হামিম শেখ, জবি প্রতিনিধি:
রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) এলাকার তৃতীয় গেটের কাছ থেকে যুবলীগের কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামীম আলী সাইফুল সোহাগকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন ছাত্রদলের নেতাকর্মী ও শিক্ষার্থীরা।মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের তৃতীয় গেটসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।আটক শামীম আলী সোহাগ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। এ ছাড়া তিনি শেখ হাসিনা ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মঙ্গলবার ঢাকার সাবেক মেয়র সাঈদ খোকনকে আদালতে হাজির করার সময় আদালত চত্বরসংলগ্ন জবির তৃতীয় গেটের আশপাশে সোহাগকে দেখতে পান ছাত্রদলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা। পরে তাকে শনাক্ত করে ঘিরে ফেলেন তারা। এ সময় উত্তেজিত কয়েকজন তাকে মারধর করেন বলে অভিযোগ রয়েছে। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।জবি ছাত্রদলের আহ্বায়ক সদস্য ইমন জানান, আদালত ও বিশ্ববিদ্যালয় এলাকায় পুনরায় ককটেল বিস্ফোরণের মাধ্যমে নাশকতার পরিকল্পনার তথ্য তাদের কাছে ছিল। আদালতের পাশে সোহাগকে দেখতে পেয়ে তারা তাকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেন।অন্যদিকে, সাধারণ শিক্ষার্থীদের দাবি, ককটেলসহ তাকে হাতেনাতে আটক করা হয়েছে। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।আটকের সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সোলায়মান খান সাগর, আহ্বায়ক সদস্য ইমন ও শের আলীসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।পুলিশ সূত্রে জানা গেছে, আটকের পর আহত সোহাগকে প্রাথমিক চিকিৎসার জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসা শেষে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের জন্য তাকে সূত্রাপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।