খোলা বার্তা ডেস্ক:
সিরাজগঞ্জের রায়গঞ্জে ভেজাল উপকরণ দিয়ে দস্তা ও বোরণ সার রিপ্যাকিংয়ের অভিযোগে মোনালিসা অ্যাগ্রো নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি জব্দ করা হয়েছে ভেজাল উপকরণ ও প্রতিষ্ঠানের নিবন্ধন সনদ।বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার ঘুড়কা এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রওশন কবির। অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা মো. মমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।উপজেলা কৃষি কর্মকর্তা মো. মমিনুল ইসলাম জানান, প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী আব্দুল আজিজের বিরুদ্ধে ভেজাল সার তৈরি করে বাজারজাত করার অভিযোগ রয়েছে। এ ছাড়া প্রতিষ্ঠানটিতে ভেজাল উপকরণ দিয়ে দস্তা ও বোরণ সার রিপ্যাকিং করা হচ্ছিল। প্রতিষ্ঠানটির ঠিকানা পরিবর্তন করে অন্যত্র এ কার্যক্রম পরিচালনার বিষয়টিও অভিযানে উঠে আসে।অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করেন। একই সঙ্গে ভেজাল উপকরণ ও প্রতিষ্ঠানের নিবন্ধন সনদ জব্দ করা হয়।