খোলা বার্তা ডেস্ক:
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জ জেলার ৮৩টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন ফরম জমাদানকারী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা করেছে সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটি।আজ শুক্রবার সকালে সিরাজগঞ্জ শহরের পৌর ভাসানী মিলনায়তনের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল এবং পরিচালনা করেনজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম হোসেন খান।সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আমিরুল ইসলাম খান আলিম এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।এ সময় আরও বক্তব্য দেন উল্লাপাড়া-সলঙ্গা আসনের সাবেক সংসদ সদস্য এম আকবর আলী, উল্লাপাড়া উপজেলার সমন্বয়ক ও সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নুর কায়েম সবুজ এবং জেলা যুবদলের সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ।সভায় জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।মতবিনিময় সভায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, নির্বাচনী প্রস্তুতি সুসংহত করা এবং নেতাকর্মীদের মধ্যে ঐক্য ও সমন্বয় জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।সভায় সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, সিরাজগঞ্জ জেলার প্রতিটি ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ে ১০১ সদস্যবিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হবে। উপজেলা বিএনপির সঙ্গে সমন্বয় করে সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন ফরম জমাদানকারী প্রার্থীরা ঐক্যবদ্ধভাবে প্রতিটি ওয়ার্ডে গিয়ে এসব কমিটি গঠন করবেন।ওয়ার্ডভিত্তিক এসব কমিটির মাধ্যমে নির্বাচনী কার্যক্রমের সমন্বয়, সাংগঠনিক শক্তি সুসংহত করা এবং তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।সভায় নেতৃবৃন্দ বলেন, তৃণমূলের ঐক্য ও পারস্পরিক সহযোগিতাই দলের সাংগঠনিক শক্তির মূল ভিত্তি। তাই ব্যক্তিগত মতপার্থক্য ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সুশৃঙ্খল ও সমন্বিত সাংগঠনিক প্রস্তুতি গ্রহণের মাধ্যমে দলীয় কার্যক্রমকে আরও শক্তিশালী করার আহ্বান জানান তাঁরা।