ছাম্মি আহমেদ আজমীর :, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জ শহরের মালশাপাড়া পৌর কবরস্থান সংলগ্ন আল-জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম কওমী মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা বৃদ্ধির লক্ষ্যে নতুন ভবন নির্মাণ কাজের শুভ উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।মঙ্গলবার সকালে সিরাজগঞ্জে কওমী মাদ্রাসার নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন ভবন নির্মাণ কাজের শুভ উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন অতিরিক্ত জেলা প্রশাসক(উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) ও সিরাজগঞ্জ পৌরসভার প্রশাসক শাহাদাত হুসেইন। প্রধান অতিথির বক্তব্যে পৌর প্রশাসক শাহাদাত হুসেইন বলেন,ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক ও মানসম্মত শিক্ষার প্রসারে শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ।শিক্ষার্থীদের জন্য সুন্দর নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সিরাজগঞ্জ পৌরসভা উন্নয়নমূলক কর্মকাণ্ড অব্যাহত রেখেছে। নতুন ভবনটি নির্মিত হলে মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীদের পাঠদান এবং শিক্ষা কার্যক্রম পরিচালনায় আরও উন্নত সুযোগ-সুবিধা সৃষ্টি হবে।এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ পৌরসভার কর্মকর্তা,কর্মচারী ও মাদ্রাসার শিক্ষক,শিক্ষার্থী বৃন্দ।উল্লেখ্য: উদ্বোধন শেষে মাদ্রাসার সার্বিক উন্নতি,শিক্ষক-শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট সকলের কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।