হাবিব হাসান,, নিজস্ব প্রতিবেদক:
শ্রমিক গ্রেপ্তার ও বাস চলাচল বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো ঢাকাগামী সব বাস চলাচল বন্ধ রেখেছেন ময়মনসিংহ বিভাগের পরিবহন মালিকরা।এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। অনেকেই আগে থেকে টিকিট কেটে রেখেছিলেন, কিন্তু বাস না চলায় বিকল্প যাত্রাপথ খুঁজে ব্যর্থ হচ্ছেন তারা। ভোর থেকেই বাসস্ট্যান্ডে এসে হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে।রোববার (১২ অক্টোবর) ভোর ৬টা থেকে ময়মনসিংহ হয়ে ঢাকাগামী বাসসহ শেরপুর, জামালপুর, নেত্রকোণা ও কিশোরগঞ্জ জেলার সব রুটের বাস চলাচলও বন্ধ রয়েছে।পুলিশ জানায়, শুক্রবার রাতে ময়মনসিংহের হালুয়াঘাটে মুক্তিযোদ্ধা আবু রায়হান একটি বাসে উঠতে গেলে পরিবহন শ্রমিক অরুণ ঝন্টুর সঙ্গে ধাক্কা লাগে। রায়হান বারবার দুঃখ প্রকাশ করলেও অরুণ ঝন্টু তার সঙ্গে অশালীন আচরণ করে এবং বাস থেকে নামিয়ে দেন।এর পর রাতেই ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের’ নেতাকর্মীরা ময়মনসিংহ নগরীর মাসকান্দা এলাকায় ইউনাইটেড সার্ভিস বাস কাউন্টারের সামনে বিক্ষোভে নামেন। একপর্যায়ে পুলিশ শ্রমিক অরুণ ঝন্টুকে আটক করে।এ ঘটনায় ক্ষোভ জানিয়ে ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতি অনির্দিষ্টকালের ধর্মঘটের ঘোষণা দেয়। সমিতির সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম বলেন, “আটক শ্রমিকের মুক্তি এবং চলাচলে নিষিদ্ধ বাসের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার না করা পর্যন্ত এই ধর্মঘট চলবে।” ফলে ঢাকামুখী হাজারো যাত্রী এখন বাস না পেয়ে ভোগান্তিতে পড়েছেন, বিশেষ করে কর্মজীবী ও শিক্ষার্থীরা সবচেয়ে বেশি বিপাকে রয়েছেন।