মো. আসাদুল্লাহ,, চৌহালী (সিরাজগঞ্জ):
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার ৪নং উমারপুর ইউনিয়নে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের যৌথ মতবিনিময় সভা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।বুধবার বিকেলে (৩ ঘটিকায়) হাপানিয়া ঈদগাহ মাঠে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌহালী উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ জাহিদ মোল্লা, এবং প্রধান বক্তা হিসেবে ছিলেন চৌহালী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ক্বারী ময়নুল ইসলাম। সভার সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহ্বায়ক আরমান হোসেন হাবিব, এবং অনুষ্ঠান উদ্বোধন করেন চৌহালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাদের মোল্লা। উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আমিরুল সিকদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপস্থিত নেতাকর্মীরা। সভায় বক্তারা বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সংগঠনকে আরও শক্তিশালী করে তৃণমূল পর্যায়ে ঐক্য গড়ে তোলা অত্যন্ত জরুরি। তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে যুবসমাজের ভূমিকা অপরিসীম, তাই সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে।স্থানীয় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের চার শতাধিক নেতাকর্মী এতে অংশ নেন। সভা শেষে উপস্থিত সবাই সংগঠনের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং ভবিষ্যৎ কর্মসূচি সফল করার প্রত্যয় ব্যক্ত করেন।