সাকলাইন যোবায়ের,, কুমিল্লা:
কুমিল্লার আদর্শ সদর উপজেলার সীমান্তবর্তী বসন্তপুর গ্রামে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় মা ও ছোট ভাইকে হত্যা করেছে এক মাদক ব্যবসায়ী। সোমবার (১৭ নভেম্বর) সকালে ঘটেছে এ নৃশংস ঘটনা। নিহতরা হলেন রাহেলা বেগম (৬৫) ও তার ছেলে কামাল হোসেন (৩৫)।পুলিশ জানায়, অভিযুক্ত বিল্লাল হোসেন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলেন। সোমবার সকালে তিনি বাড়িতে মাদক নিয়ে প্রবেশ করলে ছোট ভাই কামাল হোসেন তাকে প্রবেশ না করতে বাধা দেন। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে তর্ক শুরু হয়। পরে বিল্লাল হোসেন ছুরি নিয়ে কামালকে এলোপাতাড়ি কোপে হত্যা করেন। মারধরের সময় মা রাহেলা বেগম বাধা দিতে গেলে তাকে ও হত্যা করা হয়।ঘটনার পর থেকে বিল্লাল হোসেন পলাতক রয়েছেন। তার স্ত্রী আকলিমা খাতুনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আটক করেছে।কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মহিনুল ইসলাম জানান, নিহত দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। পুলিশের তদন্ত চলছে। পাশাপাশি, পরিবারে জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধও ছিল বলে জানা গেছে।