সাকলাইন যোবায়ের,, কুমিল্লা:
কুমিল্লার চৌদ্দগ্রামে মহাসড়কে ডিবি পুলিশ পরিচয়ে পনেরোটি গরুবোঝাই ট্রাক ছিনতাই করেছে সংঘবদ্ধ একটি ডাকাত চক্র। এ ঘটনায় চট্টগ্রামের গরু ব্যবসায়ী মুহাম্মদ আবদুল্লাহ তাওসীফ অজ্ঞাতনামা ৯–১০ জনকে আসামি করে রবিবার রাতে চৌদ্দগ্রাম থানায় মামলা করেন। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেন থানার পরিদর্শক (তদন্ত) মো. গুলজার আলম।মামলার বর্ণনায় জানা যায়, রাজশাহীর গোদাগাড়ীর প্রতিনিধি মো. সেলিম মিয়ার মাধ্যমে কুষ্টিয়ার বাইলপাড়া হাট থেকে ২৮ লাখ ২৮ হাজার টাকা মূল্যের ১৫টি গরু ক্রয় করা হয়। শনিবার বিকেলে এসব গরু সেলিমের চালিত ট্রাকে (ঢাকা মেট্রো-ট-২০-৫১৯৮) বোঝাই করে চট্টগ্রামের সাতকানিয়ার উদ্দেশ্যে রওনা দেওয়া হয়।রাত দেড়টার দিকে ট্রাকটি চৌদ্দগ্রাম পৌরসভার সোনাকাটিয়া এলাকায় পৌঁছালে ডিবি পরিচয়ে একটি দল সিগন্যাল দিয়ে ট্রাক থামায়। এরপর ট্রাকে মাদক আছে বলে চালক, হেলপার এবং প্রতিনিধি সেলিমকে মারধর করে হাইয়েস গাড়িতে তুলে নেয়। ডাকাতরা তিনজনের হাত-পা বেঁধে মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয়।এ সময় চক্রের দুই সদস্য গরুবোঝাই ট্রাকটি অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরে ভোরে তিনজনকে লালমাই এলাকায় রাস্তার পাশে ফেলে যায় ডাকাতরা। মোট লুট হওয়া মালামালের মূল্য প্রায় ৪৮ লাখ ৪৫ হাজার ৩০ টাকা, যার মধ্যে রয়েছে গরু, ট্রাক, মোবাইল ফোন ও নগদ অর্থ।মামলায় উল্লেখ করা হয়, ডাকাতরা ডিবি পোশাক, জিন্স ও খাকি প্যান্ট পরিহিত ছিল এবং তাদের হাতে পিস্তল ও হ্যান্ডকাপ ছিল। সবাই কুমিল্লার আঞ্চলিক ভাষায় কথা বলছিল।চৌদ্দগ্রাম থানার ওসি মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন,“ডিবি পরিচয়ে ট্রাক ছিনতাইয়ের ঘটনায় মামলা গ্রহণ করা হয়েছে। ডাকাত চক্রকে শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।”